যুব সমাজকে মাদক, জুয়া ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ, সচেতন ও মানবিক সমাজ গড়ে তোলার লক্ষ্যে শেখেরকোলা ইউনিয়ন যুব ও ক্রীড়া সংস্থার উদ্যোগে ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বিকেল ৩টায় বগুড়ার ভান্ডারপাইকা এস.এম. উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ১ নম্বর দক্ষিণভাগ কিশোর ক্লাব ও ৮ নম্বর বালাকৈগাড়ী ইয়াং জেনারেশন ক্লাব। দুই দলের অংশগ্রহণে ম্যাচটি ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও দর্শকপ্রিয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আবু হাসান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন।
টুর্নামেন্টের সার্বিক আয়োজনে ছিলেন শেখেরকোলা ইউনিয়ন যুব ও ক্রীড়া সংস্থার আয়োজক যুবনেতা মো. গোলাম রব্বানী জায়দার।
আয়োজকরা জানান, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দলগুলোর অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টের মাধ্যমে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি, পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার হবে। পাশাপাশি “ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—মাদক ও জুয়া ছেড়ে মাঠে চল” স্লোগানকে সামনে রেখে সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শ্রী অতুল চন্দ্র দাস, যুবনেতা শাহ আলম, মিহাজুল, এমদাদুল, গোলাম রব্বীন, আশরাফুল, মিল্লাতসহ এলাকার ক্রীড়াপ্রেমী, গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ। উদ্বোধনী অনুষ্ঠান ও খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক দর্শক।