চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জামেয়া রজভীয়া আজিজিয়া দারসে নেজামী সুন্নিয়া মডেল মাদ্রাসার গরিব ও এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতার শেষ আশ্রয়’।
আলহাজ্ব জাহাঙ্গীর আলম সওদাগরের সভাপতিত্বে এবং সাউথ চট্টগ্রাম ব্রাইট স্কুল অ্যান্ড কলেজ-এর পরিচালক ও প্রধান শিক্ষক মুহাম্মদ গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শহীদ নূর হ্যালী, ব্যবস্থাপনা পরিচালক, মেসার্স রাফা অ্যান্ড কার্গো এজেন্সি, আগ্রাবাদ, চট্টগ্রাম।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন মোঃ মনির আহমেদ সওদাগর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদুল হক সুমন মেম্বার, প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য, ১ নং চরপাথরঘাটা ইউনিয়ন; জনাব জসিম উদ্দিন, ম্যানেজার, ফোর এইচ গ্রুপ; ইঞ্জিনিয়ার মোঃ আলাউদ্দিন, আহ্বায়ক, মানবতার শেষ আশ্রয়; মোঃ সাদ্দাম হোসেন, সদস্য সচিব, মানবতার শেষ আশ্রয়; এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সোহেল, গিয়াস উদ্দিন ও ফয়সাল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের গরিব ও এতিম শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, বরং এটি একটি সামাজিক অঙ্গীকার। শিক্ষার আলো প্রতিটি শিশুর কাছে পৌঁছে দিতে এবং সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে সমাজের বিত্তবান ও সচেতন মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। একই সঙ্গে ‘মানবতার শেষ আশ্রয়’ ভবিষ্যতেও শিক্ষা, মানবকল্যাণ ও সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব মোঃ শহীদ নূর হ্যালী মাদ্রাসা ও এতিমখানার উন্নয়নে গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। তিনি চরলক্ষ্যা ১ নং ওয়ার্ডের জামেয়া রজভীয়া আজিজিয়া দারসে নেজামী সুন্নিয়া মডেল মাদ্রাসা ও এতিমখানার সার্বিক সংস্কারের জন্য তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ১ লক্ষ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন। পাশাপাশি এতিম শিশুদের খাদ্যব্যয়ের জন্য প্রতি মাসে ৫,০০০ টাকা স্থায়ী অনুদান দেওয়ার সিদ্ধান্তের কথাও জানান। তাঁর এ মানবিক উদ্যোগকে উপস্থিত অতিথি, মাদ্রাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসী আন্তরিকভাবে স্বাগত জানান।
অনুষ্ঠান শেষে মাদ্রাসার গরিব ও এতিম শিক্ষার্থীদের হাতে খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। এ সময় সংগঠনের সদস্যবৃন্দ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।