সরকারি নীতিমালা মেনে দায়িত্ব পালনে জগতি ওসি এলএসডি এ এস এম মনজুরুল আলম প্রশংসিত
সরকারি নীতিমালা অনুসরণ করে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের কারণে কুষ্টিয়ার জগতি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) এ এস এম মনজুরুল আলম জেলার সচেতন মহলের প্রশংসা অর্জন করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কর্মস্থল কুষ্টিয়া হোক বা দেশের অন্য কোনো জেলা—যেখানেই দায়িত্ব পালন করুন না কেন, অনিয়ম ও দুর্নীতির সঙ্গে কখনো আপস করবেন না বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি জানান, সরকারি নীতিমালা যথাযথভাবে বাস্তবায়ন এবং খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখতে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, জগতি খাদ্যগুদামে বর্তমান খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রমে সরকারি নির্দেশনা ও নির্ধারিত মানদণ্ড অনুসরণ করা হচ্ছে। ধান ও চাল সংগ্রহে গুণগত মান নিশ্চিত করার বিষয়েও কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। ফলে অনিয়মের সুযোগ অনেকটাই কমে এসেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। জানা গেছে, সরকারের মূল লক্ষ্য কৃষক ও মিলারদের কাছ থেকে সরাসরি খাদ্যশস্য সংগ্রহের মাধ্যমে তাদের ন্যায্য মূল্য নিশ্চিত করা। সেই লক্ষ্য বাস্তবায়নে জগতি খাদ্যগুদামের বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এস এম মনজুরুল আলম আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। অনুসন্ধানে সংশ্লিষ্টদের দাবি, চাকরি জীবনে তিনি অনিয়মকে কখনো প্রশ্রয় দেননি। নানা প্রতিকূলতার মধ্যেও সততা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে তিনি সহকর্মী ও সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। এদিকে সংশ্লিষ্ট মহলের মতে, কুষ্টিয়ার জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আল-ওয়াজিউর রহমান সরকারি নীতিমালা অনুযায়ী দায়িত্ব পালনে গুরুত্ব দেওয়ায় খাদ্য বিভাগে শৃঙ্খলা ও স্বচ্ছতা বৃদ্ধিতে ইতিবাচক পরিবর্তন এসেছে।