বগুড়ার কাহালুতে পূর্ব শত্রুতার জেরে বাড়ি ঘরে হামলা ও ভাংচুর থানায় অভিযোগ।
বগুড়ার কাহালু উপজেলায় ছেলে-মেয়ের মধ্যে মোবাইল ফোনে কথাবার্তা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে এক ব্যক্তির বাড়িতে হামলা, ভাঙচুর ও ট্রাক্টরের ব্যাটারি চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় কাহালু থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন উপজেলার মুরইল ইউনিয়নের বড় বাখরা গ্রামের বাসিন্দা মোঃ আজিজুল হক (৪০)।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত মামুনের মেয়ে ও অভিযোগকারী আজিজুল হকের ছেলে পূর্বে মোবাইল ফোনে কথাবার্তা বলতেন। পারিবারিক সম্পর্কের কারণে বিষয়টি অনুচিত মনে করে আজিজুল হকের ছেলে ওই মেয়ের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় এবং ফেসবুক আইডিও ব্লক করে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়।
অভিযোগে বলা হয়, বিষয়টি জানার পর মামুন ক্ষুব্ধ হয়ে পূর্বে সিরাজগঞ্জে অবস্থানরত আজিজুল হকের ছেলেকে অন্য লোকজন দিয়ে মারধরের ব্যবস্থা করেন। পরে বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি।
গত ১৬ জুন সকালে আজিজুল হক তার আত্মীয়দের বাড়িতে গিয়ে পূর্বের ঘটনাগুলো নিয়ে আলোচনা করে স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেন। কিন্তু সেখানে অভিযুক্তরা তার সঙ্গে দুর্ব্যবহার, গালিগালাজ এবং হুমকি-ধামকি প্রদান করেন বলে অভিযোগ করা হয়েছে।
এর কয়েক ঘণ্টা পর একই দিন দুপুরে অভিযুক্তরা ৮ থেকে ১০ জন অজ্ঞাত ব্যক্তিকে সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা, লোহার রড, হাসুয়া ও কুড়ালসহ আজিজুল হকের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। হামলাকারীরা বাড়ির সামনে এসে গালিগালাজ করতে থাকে এবং ঘর থেকে বের হলে হত্যার হুমকি দেয়।
পরিস্থিতি বেগতিক দেখে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে আশ্রয় নিলে হামলাকারীরা বসতবাড়ির টিন ও একটি ট্রাক্টর ভাঙচুর করে। এতে প্রায় ৮০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়। এছাড়া ট্রাক্টরের একটি ব্যাটারি, যার আনুমানিক মূল্য ১৬ হাজার টাকা, চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।
এ সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বর্তমানে অভিযুক্তদের পক্ষ থেকে প্রাণনাশসহ বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন অভিযোগকারী। তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কাহালু থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।