বগুড়া সদর উপজেলার বুজরুগ বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দাতাদের একজন বলে দাবি করে বিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম ও সম্পত্তি রক্ষায় দাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত স স্ত জানিয়েছেন মো. আব্দুল মান্নান প্রাং।

শনিবার বগুড়া প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

লিখিত বক্তব্যে মো. আব্দুল মান্নান প্রাং বলেন, বুজরুগ বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি পাঁচটি দলিলের জমির ওপর প্রতিষ্ঠিত হয়েছে। এর মধ্যে একটি দলিলের ১১ শতক জমির মালিকানা বিদ্যালয় গ্রহণ করলেও আরও দুটি দানপত্রের মোট ১২ শতক জমির ওপর বর্তমানে বিদ্যালয়ের ভবন দাঁড়িয়ে রয়েছে। ওই জমির মূল দাতারা মারা যাওয়ার পর তাদের উত্তরাধিকারীরা তাকে বিদ্যালয়ের দাতা সদস্য করার জন্য মৌখিকভাবে সমর্থন দেন।

তিনি আরও জানান, বিদ্যালয় কর্তৃপক্ষের শর্ত অনুযায়ী দাতাদের উত্তরাধিকারীদের ছবি সংবলিত হলফনামাসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন। এ বিষয়ে একাধিক সভায় এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তাকে দাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন করা হয়নি।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, বিদ্যালয় প্রাঙ্গণের একটি বড় মেহগনি গাছ বিক্রি করা হয়েছে এবং বিদ্যালয়ের সীমানায় দুটি দোকানঘর নির্মাণের চেষ্টা চলছে। এসব বিষয়ে প্রতিবাদ জানালেও বিদ্যালয় কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। তার দাবি, বিদ্যালয়ের সম্পত্তি রক্ষা এবং সম্ভাব্য অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে তাকে দাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা জরুরি।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তিনি বিদ্যালয়ের সম্পত্তি যেন কোনো বিশেষ মহলের দখলে না যায় এবং তাকে দাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।