মোহনগঞ্জ:নেত্রকোনার মোহনগঞ্জে চলতি বছরের জুন মাসজুড়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২১ জন মাদকসেবী ও মাদক কারবারিকে বিভিন্ন মেয়াদে মোবাইল কোর্টের মাধ্যমে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানের সময় পুলিশ মাদকসহ তাদের হাতেনাতে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মোহনগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এ কাদের তাদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

অভিযানে দণ্ডপ্রাপ্তদের মধ্যে কেউ কয়েক দিনের, আবার কেউ কয়েক মাসের বিনাশ্রম কারাদণ্ড পেয়েছেন। এছাড়া একজনকে ৩৫ হাজার টাকা এবং আরেকজনকে ৫০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, চলতি জুন মাসে পরিচালিত অভিযানে শেখ মুজিবর রহমান, হারুন অর রশিদ, পলাশ মিয়া, সাফায়েত উল্লাহ, রিপন খান, নবাব মিয়া, কাজল মিয়া, পরিমল রবি দাস, জগবন্ধু চন্দ্র দাস, লেলিন সরকার, সানোয়ার হোসেন, মহন হাসান, আরমান মিয়া, শহিদুল হক, রুকন মিয়া, নজরুল ইসলাম, তুষার মিয়া, কাউসার আহম্মেদ, জহিরুল ইসলাম, মাসুম মিয়া এবং সাকিব খান পাঠান অঙ্কনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে সর্বোচ্চ পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে কাজল মিয়াকে। এছাড়া জগবন্ধু চন্দ্র দাস চার মাস, পরিমল রবি দাস, লেলিন সরকার ও সাকিব খান পাঠান অঙ্কন তিন মাস, মাসুম মিয়া ও জহিরুল ইসলাম এক মাসের কারাদণ্ড পেয়েছেন। অন্যদের অপরাধের ধরন অনুযায়ী তিন দিন থেকে ২০ দিন পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পলাশ মিয়াকে ১৫ দিনের কারাদণ্ডের পাশাপাশি ৩৫ হাজার টাকা এবং লেলিন সরকারকে তিন মাসের কারাদণ্ডের পাশাপাশি ৫০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

আজ (২৯ জুন) সোমবার মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুল রহমান হারুন এ তথ্য নিশ্চিত করে বলেন, “মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান করে জুনমাসে একুশজনকে সাজ দেওয়া হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে সচেতন হতে হবে। মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদকসেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।