জামায়াতের কর্মী ও সুধী সমাবেশে ১৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ঘোষণা।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগরীর ১৬নং ওয়ার্ড শাখার উদ্যোগে কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় বগুড়া শহরের চারমাথা সেফওয়ে মোটেলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৬নং ওয়ার্ড শাখার আমীর রেজাউল করিম রেজা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগরীর আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া মহানগরীর সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক, মোমিনুল ইসলাম ফরহাদ, মোটর শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বলসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং একটি কল্যাণমুখী সমাজ গঠনে জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। স্থানীয় সরকার ব্যবস্থাকে জনবান্ধব ও দুর্নীতিমুক্ত করতে সৎ, যোগ্য ও জনসেবায় নিবেদিতপ্রাণ নেতৃত্বের বিকল্প নেই। আগামী দিনে ১৬নং ওয়ার্ডের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার লক্ষ্যে আমরা রেজাউল করিম রেজাকে কাউন্সিলর প্রার্থী হিসেবে ঘোষণা করছি।”
তিনি আরও বলেন, “জনগণের আস্থা ও সহযোগিতার মাধ্যমে একটি আদর্শ ওয়ার্ড গড়ে তোলাই আমাদের লক্ষ্য। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের কল্যাণে কাজ করতে হবে এবং ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৬নং ওয়ার্ড শাখার আমীর রেজাউল করিম রেজাকে ১৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

প্রার্থী রেজাউল করিম রেজা তার বক্তব্যে বলেন, “আমার প্রতি দলের যে আস্থা ও দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা আমি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালনের চেষ্টা করবো। আমি সকলের দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করছি।”

সমাবেশে ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন, কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।