বগুড়ার শিবগঞ্জে গাঁজাসহ আটক ৩
জিহাদ কাজী
বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের মাচইল এলাকায় অভিযান চালিয়ে ৫১ পুরিয়া গাঁজাসহ তিনজনকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
সোমবার বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটকরা হলেন— বাবু রবি দাস, সিজান ও জনি। তাদের মধ্যে একজন অষ্টম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, শিবগঞ্জ থানার এসআই জাফর ও এএসআই আনোয়ারের নেতৃত্বে পুলিশের একটি দল বুড়িগঞ্জ ইউনিয়নের মাচইল এলাকায় অভিযান চালায়। এ সময় ৫১ পুরিয়া গাঁজা ও বিক্রির ৫৫৪ টাকা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে ওই তিনজনকে আটক করা হয়।
পুলিশ কর্মকর্তারা জানান, মাদক নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।